26/03/2022
বাঙালির জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের তাৎপর্য সবচেয়ে বেশি। কেননা অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দিনটি আমাদের পাওয়া। আজকের এই দিনটি সমগ্র দেশবাসীর বহুকালের লালিত স্বপ্নের ফল। বাঙালি প্রতিজ্ঞা এবং সংগ্রামের অঙ্গীকারে উদ্দীপ্ত হয় এদিনে। ২৬ মার্চ বাঙালির আত্মপরিচয়ের গৌরবে উজ্জ্বল, ত্যাগে ও বেদনায় মহীয়ান একটি দিন। নিপীড়িত, বঞ্চিত ও শােষিত মানবের মুক্তির স্বপ্নসাধ পূরণের মহিমায় অমর এ দিন। জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের অনুভূতিতে গরীয়ান একটি দিন স্বাধীনতা দিবস। প্রতিবছর এ দিনটি আমরা পালন করি আনন্দে, শ্রদ্ধায়, ভক্তিতে এবং জাতীয় চেতনায় উদ্বেলিত হয়ে। পাশাপাশি আমরা আত্মসমালােচনার মাধ্যমে নিজের অবয়বটি দেখতে চেষ্টা করি মনের আর্শিতে। আত্মজিজ্ঞাসায় আমরা হই জর্জরিত। আবার নতুন করে প্রতিজ্ঞা করি দেশকে এগিয়ে নিতে।