02/09/2026
মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন তার ধন-সম্পদ কিংবা বাহ্যিক সাফল্য নয়, বরং মানুষের হৃদয়ে অর্জিত শ্রদ্ধার স্থান। অথচ আজ আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে নিজেকে বড় প্রমাণ করার জন্য অন্যকে ছোট করার এক অসম প্রতিযোগিতায় মানুষ মেতে উঠেছে।
অন্যের যোগ্যতাকে অস্বীকার করে বা কাউকে খাটো করে সাময়িক আত্মতৃপ্তি পাওয়া যেতে পারে, কিন্তু তাতে আত্মমর্যাদা কখনো বৃদ্ধি পায় না। প্রকৃত সম্মান কখনোই অন্যকে টেনে নিচে নামিয়ে অর্জন করা যায় না; সম্মান তো আসে মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে। যে মানুষ অন্যকে মূল্যায়ন করতে জানে না, সময় ও নিছক বাস্তবতা তার নিজের মূল্যকেও একদিন শূন্যের কোঠায় নামিয়ে আনে।
ইতিহাস সাক্ষী, অহংকার আর দাম্ভিকতা দিয়ে গড়ে তোলা ভিত্তি সাময়িক ঝলকানি দিতে পারে, কিন্তু তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। প্রতিটি পদে পদে তখন মানুষকে মুখোমুখি হতে হয় চরম অসম্মানের, কারণ সে যাকে অবহেলা করেছিল, সেই অবহেলাই ঘুরে এসে তাকে আঘাত করে।
কারো ভুল বা সীমাবদ্ধতাকে আঙুল দিয়ে দেখিয়ে নিজের অহমিকা জাহির করা কোনো মহৎ গুণ নয়। সত্যিকারের বড় মানুষ তো তিনি-ই, যিনি অন্যের দুর্বলতাকে ঢেকে রেখে তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেন। ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়, সম্মান পেতে হলে সম্মান করার মনমানসিকতা থাকতে হয়।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন পিছন ফিরে তাকাবেন, তখন আপনার পদবী বা অহংকার কোনো কাজে আসবে না। সাথে থাকবে শুধু মানুষের দীর্ঘশ্বাস কিংবা নীরব ভালোবাসা ও নিঃস্বার্থ দোয়া। মানুষের দোয়ার চেয়ে বড় কোনো বর্ম নেই, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পত্তি নেই।
নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে আমাদের উপস্থিতিতে মানুষ স্বস্তি পায়, আর অনুপস্থিতিতে শ্রদ্ধাভরে স্মরণ করে। ভালোবাসা জয় করে এবং মানুষের আন্তরিক দোয়ার পরশে নিজেকে পরিচালিত করলেই জীবনের আসল সার্থকতা। আসুন, অন্যকে ছোট করার চিন্তা বাদ দিয়ে মানুষকে ভালোবেসে, শ্রদ্ধা জানিয়ে নিজের মনকে আকাশসম উদার করি। কারণ, মানুষের ভালোবাসার মাঝেই লুকিয়ে আছে সত্যিকারের মহানুভবতা ও মহত্ত্ব।
~ বিশ্বাস