20/02/2026
চীনে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি আছে এটা আমরা কম-বেশি জানি। তবে, তাদের আগমন সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে? চলুন, ইতিহাসের পাতায় চোখ বোলাই।
৭ম শতক। নবী মুহাম্মদ (সা.) এর ইন্তেকালের পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে আরব উপদ্বীপের বাইরে। সমুদ্রপথে আর স্থলপথে মুসলিম ব্যবসায়ীরা পৌঁছে গেল দক্ষিণ চীনের ব্যস্ত বন্দরনগরী Guangzhou তে। সেখানকার বাজারে তখন নানা দেশের মানুষের ভিড় পারস্য, ভারত, আরব, দক্ষিণ-পূর্ব এশিয়া। ভাষা ভিন্ন, পোশাক ভিন্ন, কিন্তু বাণিজ্যের ভাষা এক।
কথিত আছে, সাহাবি Sa'd ibn Abi Waqqas চীন পর্যন্ত সফর করেছিলেন। ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে, নিশ্চিত প্রমাণ সীমিত। তবু এটুকু স্পষ্ট চীনে ইসলামের আগমন খুবই প্রাচীন, এবং তা মূলত ব্যবসায়ী ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই।
সেই সময় চীনে শাসন করছিল Tang Dynasty, এই রাজবংশ ছিল তুলনামূলকভাবে উন্মুক্ত ও আন্তর্জাতিক বাণিজ্যপন্থী। বন্দর শহরগুলো ছিল প্রাণবন্ত ও বহুজাতিক। মুসলিমরা প্রথমে অতিথি হিসেবে আসলেও, তারপর ব্যবসায়ী, তারপর স্থায়ী বাসিন্দা। তারা মসজিদ নির্মাণ করল কিন্তু সেই মসজিদের ছাদে দেখা গেল চীনা কারুকাজ, বাঁকানো কার্নিশ, প্যাগোডা-সদৃশ নকশা। যেন ইসলাম আর চীনা সংস্কৃতি পাশাপাশি হেঁটে চলেছে।
সময়ের চাকা ঘুরল। এলো মঙ্গোলদের উত্থান। প্রতিষ্ঠিত হলো Yuan Dynasty, মধ্য এশিয়া থেকে বহু মুসলিম প্রশাসক, জ্যোতির্বিদ, সেনা ও কর-সংগ্রাহককে চীনে আনা হলো। তারা শুধু বাণিজ্যে নয়, রাষ্ট্র পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করল। মুসলিমরা আর প্রান্তিক রইল না, তারা হয়ে উঠল শাসনযন্ত্রের অংশ।
মঙ্গোলদের পর এল Ming Dynasty, এই সময়ে মুসলিমরা আরও গভীরভাবে চীনা সমাজে মিশে গেল। তারা চীনা ভাষায় কথা বলল, চীনা পোশাক পরল, চীনা খাদ্যসংস্কৃতির অংশ হয়ে উঠল। কিন্তু তাদের ধর্মীয় চর্চা- নামাজ, রোজা, কুরআন তিলাওয়াতে অটুট রইল।
এই যুগেই ইতিহাসে উজ্জ্বল হয়ে ওঠেন এক অসাধারণ নৌ-অভিযাত্রী Zheng He, তিনি ছিলেন একজন চীনা মুসলিম অ্যাডমিরাল। বিশাল জাহাজবহর নিয়ে তিনি ভারত মহাসাগর পাড়ি দিলেন, দক্ষিণ এশিয়া, আরব উপকূল এমনকি পূর্ব আফ্রিকা পর্যন্ত পৌঁছালেন। কল্পনা করা যায়! চীনের পতাকাবাহী জাহাজ মুসলিম বিশ্বের বন্দরে নোঙর ফেলছে, আর তার নেতৃত্বে একজন মুসলিম। ইতিহাস যেন এক অদ্ভুত বৃত্ত সম্পূর্ণ করল।
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এভাবেই গড়ে উঠল চীনা মুসলিমদের স্বতন্ত্র পরিচয়।
কেউ হলো Hui people, দেখতে ও ভাষায় হান চীনার মতো, কিন্তু ধর্মে মুসলিম। তারা সারা চীনে ছড়িয়ে পড়ল।
আর কেউ হলো Uyghurs, তুর্কি ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠী, যারা পশ্চিম চীনের Xinjiang অঞ্চলে বসবাস করে, নিজস্ব সংস্কৃতি ও সঙ্গীত ঐতিহ্য নিয়ে।
মরুভূমির বাণিজ্যপথ থেকে আধুনিক মহানগরের ব্যস্ত রাস্তায় - চীনা মুসলিমরা বারবার নিজেদের মানিয়ে নিয়েছে। তারা চীনের ভাষায় কথা বলে, চীনের খাবার খায়, চীনের পোশাক পরে কিন্তু আজানের ধ্বনি উঠলে ঠিকই কিবলামুখী হয়।
এই ইতিহাস শুধু আগমনের গল্প নয়।
এটা মিশে যাওয়ার গল্প, আবার স্বকীয়তা ধরে রাখার গল্পও।
© 나딤